
দুর্গাপুর, ৪ জুন (হি.স.) : অবৈধ বালি ও কয়লা পাচারের অভিযোগে লাউদোহার গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি গৌতম ঘোষকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে গোগলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৌতম ঘোষের বিরুদ্ধে অবৈধ বালি উত্তোলন, কয়লা পাচার এবং সন্ত্রাসমূলক কার্যকলাপের একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিক তথ্যপ্রমাণ মেলার পরই তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগগুলির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, অজয় নদ থেকে অবৈধ বালি উত্তোলন ও পাচার চক্রের সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর নাম জড়িয়ে ছিল। পাশাপাশি খনি অঞ্চল থেকে কয়লা পাচারের ক্ষেত্রেও তাঁর প্রভাব ছিল বলে অভিযোগ। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবৈধ বালি ও কয়লা কারবারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা