বোর্ড মিটিং ঘিরে বিক্ষোভ, কাউন্সিলরদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত ঝাড়গ্রাম পুরসভা
ঝাড়গ্রাম, ৪ জুন (হি.স.) : ঝাড়গ্রাম পুরসভার বোর্ড মিটিং চলাকালীন বিক্ষোভ ও হামলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। পরে পুলিশি নিরাপত্তায় পুরপ্রধান ও কাউন্সিলরদে
বোর্ড মিটিং ঘিরে বিক্ষোভ, কাউন্সিলরদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত ঝাড়গ্রাম পুরসভা


ঝাড়গ্রাম, ৪ জুন (হি.স.) : ঝাড়গ্রাম পুরসভার বোর্ড মিটিং চলাকালীন বিক্ষোভ ও হামলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। পরে পুলিশি নিরাপত্তায় পুরপ্রধান ও কাউন্সিলরদের পুরসভা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এদিনের বোর্ড মিটিংয়ে ১২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বৈঠকে নিকাশি ব্যবস্থার উন্নয়ন, বেআইনি নির্মাণ রোধ, পুরভবনে বায়োমেট্রিক উপস্থিতি চালুসহ একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা চলছিল। সেই সময় পুরসভা চত্বরে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে কয়েকজন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ।

পুরপ্রধান শিউলি সিংহ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজনা বাড়তে থাকায় পুলিশে খবর দেওয়া হয়। পরে এসডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ, বৈঠক শেষে কাউন্সিলরদের বাইরে বের করে আনার সময় কাউন্সিলর নবু গোয়ালার উপর হামলা চালানো হয় এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পুরপ্রধান শিউলি সিংহকেও লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ উঠেছে। পাশাপাশি কাউন্সিলর সোনা মল্ল এলাকা ছাড়ার সময় তাঁর মোটরবাইক ভাঙচুর করা হয় এবং তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

ঘটনার জেরে পুরসভা চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিজেপির জেলা নেতৃত্বের দাবি, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। ঘটনার সঙ্গে দলের কোনও সাংগঠনিক ভূমিকা নেই বলেও তারা জানিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande