
ঝাড়গ্রাম, ৪ জুন (হি. স.):-বহুদিনের দাবি পূরণের আশায় রাজ্যের মন্ত্রী ও গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতো-র সঙ্গে বৈঠক করল সুবর্ণরৈখিক রেলপথ সংগ্রাম কমিটি। বৈঠকের পর সংগঠনের সদস্যরা দাবি করেছেন, প্রস্তাবিত রেলপথ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে এবং বিষয়টি রেলমন্ত্রকের কাছেও তুলে ধরার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।খড়গপুর থেকে সাঁকরাইল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম হয়ে ওড়িশার বারিপদা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে সংগ্রাম কমিটি। সেই দাবিপত্র নিয়েই এদিন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সংগঠনের প্রতিনিধিরা।বৃহস্পতিবার বৈঠক শেষে কমিটির সদস্য তপন দে জানান, তাঁদের জমা দেওয়া নথিপত্র ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরে পৌঁছে দেওয়া হয়েছে। মন্ত্রীর সহযোগিতায় তাঁরা অত্যন্ত আশাবাদী বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, কমিটির সদস্য অনিমেষ পাত্রের দাবি, এই রেলপথ চালু হলে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং ওড়িশার সীমান্তবর্তী এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে। কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষও উপকৃত হবেন।সংগ্রাম কমিটির মতে, দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতায় ভুগছে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা। প্রস্তাবিত সুবর্ণরৈখিক রেলপথ বাস্তবায়িত হলে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। মন্ত্রীর আশ্বাসে তাই নতুন করে আশাবাদী আন্দোলনকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়