
কলকাতা, ৪ জুন (হি.স.): লোকভবনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. এস সি জামির। বৃহস্পতিবার রাতে এই দুই ব্যক্তিত্ব এক বৈঠক মিলিত হন। পরে এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নিজেই এই সাক্ষাতের কথা জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে রাজ্যপাল উল্লেখ করেন, ড. এস সি জামির একদিকে যেমন উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন, তেমনই অন্যদিকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবেও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গুরুদায়িত্ব পালন করেছেন। সেইসঙ্গে বিভিন্ন সময়ে গোয়া এবং ওড়িশা রাজ্যের রাজ্যপাল পদের দায়িত্বও তিনি সাফল্যের সঙ্গে সামলেছেন।
এদিন পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় এসে পৌঁছান প্রবীণ এই রাজনীতিবিদ। বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি লোকভবনে পদার্পণ করলে রাজ্যপাল তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পর পশ্চিমবঙ্গের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা ও মতবিনিময় হয়। তবে লোকভবনে সচিবালয়ের তরফে এই বৈঠককে নিতান্তই ব্যক্তিগত ও সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে বর্ণনা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত