
বীরভূম, ৪ জুন (হি.স.): বৃহস্পতিবার রাস্তার ওপর থেকে ‘অবৈধ’ নির্মাণ উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বোলপুর। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হলো পূর্ত দফতরের আধিকারিকদের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পূর্ত দফতরের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে বোলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বোলপুরের মকরমপুর এলাকায় রাস্তা সংস্কারের কাজ চালাচ্ছে পূর্ত দফতর। বৃহস্পতিবার সকালে একটি ‘অবৈধ’ নির্মাণ ভাঙতে যান পূর্ত দফতরের কর্মীরা। অভিযোগ, সেই সময় আচমকাই স্থানীয় বাসিন্দাদের একাংশ উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করে পথ আটকান। আধিকারিকদের ঘিরে ধরে শুরু হয় তুমুল বিক্ষোভ। বচসা থেকে উত্তেজনা চরমে পৌঁছালে পূর্ত দফতরের এক আধিকারিকের গাড়ির ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ