
আসানসোল, ৪ জুন (হি.স.): বঙ্গে ফের দুর্ঘটনায় মৃত্যু! ১৯ নম্বর জাতীয় সড়কে বড় লরির পিছনে কয়লা বোঝাই ডাম্পারের ধাক্কায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় ডাম্পারে। কেবিনের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ডাম্পার চালকের।
বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলে সালানপুর থানার মেলাকলা মোড় সংলগ্ন ধানবাদগামী রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়লা বোঝাই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পণ্যবাহী বড় লরির পিছনে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। আগুন ধরে গেলে কেবিনের ভিতরেই আটকে মৃত্যু হয় ডাম্পারের চালকের। দুর্ঘটনার জেরে রাস্তায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ