
মালদা, ৪ জুন (হি. স.):-আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষুটোলা এলাকায়।বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মৌসুমী মণ্ডলের স্বামী নিরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আবাস যোজনায় নাম তোলার নামে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, কারও কাছ থেকে ২ হাজার, কারও কাছ থেকে ৫ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কিন্তু টাকা নেওয়ার পরেও তাঁদের আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়া হয়নি।গ্রামবাসীদের অভিযোগ, বারবার টাকা ফেরতের দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। উল্টে অভিযুক্ত ব্যক্তি প্রভাব খাটিয়ে তাঁদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা নিরঞ্জন মণ্ডলের বাড়ির সামনে জড়ো হয়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান।তবে বিক্ষোভের খবর পেয়ে নিরঞ্জন মণ্ডল বাড়িতে তালা দিয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও অভিযোগের বিষয়ে নিরঞ্জন মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখার দাবি উঠেছে বিভিন্ন মহলে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়