
হাফলং (অসম), ৪ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা নিয়ে আজ বৃহস্পতিবার এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ডিএস গ্রুপের প্রতিনিধি ব্রিগেডিয়ার এম কুমার ও তাঁর সহকর্মীর সঙ্গে জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, ডিমা হাসাওয়ের বিধায়ক রূপালি লাংথাসা, পার্বত্য পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই, কার্যনির্বাহী সদস্য রতন জারামবুসা, মনজয় লাংথাসা এবং পারিষদ রাংঙ্গালুংবে জেমি।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল জেলায় একটি আধুনিক পঞ্চতারকা হোটেল স্থাপনের প্রস্তাব। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার পর্যটন ক্ষেত্রের বিকাশ, পরিকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
জেলার সার্বিক উন্নয়ন ও পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল পক্ষ ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আশ্বাস প্রদান করেছেন। এই উদ্যোগ ডিমা হাসাওকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব