
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : ভারতীয় রেল নিরাপত্তা ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল। চিপিয়ানা বুজুর্গ-টুণ্ডলা রেলপথে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের উপযোগী অত্যাধুনিক স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’ সংস্করণ ৪.০ সফলভাবে চালু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
উত্তর মধ্য রেলের সিগন্যাল ও টেলিকম বিভাগ ১৭৫ রুট কিলোমিটার দীর্ঘ এই অংশে প্রথমবারের মতো ১৬০ কিমি গতির জন্য ‘কবচ’ ৪.০ কার্যকর করেছে। এর ফলে উত্তর মধ্য রেলে ‘কবচ’ ৪.০-এর আওতাভুক্ত মোট রেলপথ বেড়ে দাঁড়াল ৪৪৫ রুট কিলোমিটার।
রেল সূত্রে জানা গিয়েছে, এটি ভারতীয় রেলের প্রথম রুট যেখানে ১৬০ কিমি গতিতে ‘কবচ’ ৪.০ সম্পূর্ণভাবে কার্যকর। এছাড়াও প্রথমবার এই ব্যবস্থাকে প্রোটোকল কনভার্টারের মাধ্যমে হিটাচি ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রকল্পের আওতায় ২২টি স্টেশনে টিসিএএস (ট্রেন কোলিশন অ্যাভয়ডেন্স সিস্টেম) এবং ৯টি লেভেল ক্রসিংয়ে বিশেষ ইউনিট বসানো হয়েছে। ১০টি ডব্লিউএপি-৭ ইঞ্জিনে ‘কবচ’ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৪,৫০০-রও বেশি আরএফআইডি ট্যাগ, ৯টি নতুন যোগাযোগ টাওয়ার এবং ৪৮-কোর অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।
চালুর আগে ব্যবস্থাটির ওপর ১০ হাজার কিলোমিটারেরও বেশি পরীক্ষামূলক রান করা হয়। গবেষণা নকশা ও মান সংস্থা (আরডিএসও), উত্তর মধ্য রেল এবং স্বাধীন নিরাপত্তা মূল্যায়নকারী সংস্থার তত্ত্বাবধানে ১৮০টিরও বেশি নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
রেল কর্তৃপক্ষের দাবি, এই প্রযুক্তি ট্রেন সংঘর্ষ রোধে কার্যকর ভূমিকা নেবে এবং ভবিষ্যতে উচ্চগতির রেল পরিষেবার জন্য শক্ত ভিত গড়ে তুলবে। দিল্লি-হাওড়া প্রধান রেলপথে ‘কবচ’ ৪.০ চালু হওয়াকে ভারতীয় রেলের আধুনিকীকরণ ও নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য