
সন্দেশখালী, ৪ জুন (হি. স.):উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর দক্ষিণ আকড়াতলা বড়পাড়া এলাকায় একটি মাছের ভেড়ির ঘর থেকে বিপুল পরিমাণ সরকারি কম্বল, ত্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা সন্দেহের ভিত্তিতে জনাব আলী নামে এক ব্যক্তির মাছের ভেড়িতে তল্লাশি চালিয়ে এই সামগ্রী উদ্ধার করেন বলে দাবি করেছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর সন্দেহ ছিল যে রাতের অন্ধকারে ওই ভেড়ির ঘরে সরকারি মালপত্র মজুত করা হচ্ছে। এদিন তল্লাশির সময় বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী দেখতে পেয়ে তাঁরা ন্যাজাট থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা পৌঁছে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী নিজেদের হেফাজতে নেন।তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভেড়ির মালিক জনাব আলী স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আনন্দ সর্দারের ঘনিষ্ঠ এবং উদ্ধার হওয়া সামগ্রী তাঁর সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগের বিষয়ে আনন্দ সর্দারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়