
ঝাড়গ্রাম, ৪ জুন (হি.স.) : বহুদিনের দাবি সুবর্ণরৈখিক রেলপথ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার ঝাড়গ্রামের লোধাশুলিতে গোপীবল্লভপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো-র সঙ্গে বৈঠক করল সুবর্ণরৈখিক রেলপথ সংগ্রাম কমিটির প্রতিনিধিরা। বৈঠকে প্রস্তাবিত রেলপথের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংগ্রাম কমিটির দাবি, খড়গপুর থেকে সাঁকরাইল, গোপীবল্লভপুর ও নয়াগ্রাম হয়ে ওড়িশার বারিপদা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। সংগঠনের সদস্য তপন দে জানান, প্রকল্প সংক্রান্ত নথিপত্র ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি রেলমন্ত্রকের কাছেও পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রেলপথের দাবিতে প্রায় ২০ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করে খড়গপুর রেল ডিভিশনের ডিআরএমের কাছেও জমা দেওয়া হয়েছে। কমিটির সদস্য অনিমেষ পাত্র বলেন, এই রেলপথ চালু হলে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও ওড়িশা সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে।
সংগ্রাম কমিটির মতে, জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে ভুগছে। প্রস্তাবিত সুবর্ণরৈখিক রেলপথ বাস্তবায়িত হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গতি আসবে। মন্ত্রীর আশ্বাসে তাই নতুন করে আশাবাদী আন্দোলনকারীরা।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো