
নয়াদিল্লি, ৪ জুন (হি . স. ) : ঋতব্রত বহিষ্কারকাণ্ডে নাটকীয় মোড়। দিল্লিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস স্পষ্ট ঘোষণা করলেন, ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়।
বহিষ্কার প্রসঙ্গে স্পিকার রথীন্দ্র বোস স্পষ্ট বলেন, দল থেকে কাউকে বহিষ্কার করার আগে তাঁকে শো কজ করতে হয়। তৃণমূলের আগের দেওয়া চিঠিতে ত্রুটি ছিল, তাই সেটা গ্রহণ করা হয়নি। কিন্তু, দলের সংবিধান অনুযায়ী বহিষ্কারের চিঠি বৈধ নয়। শো কজ করে সময় দিতে হয়। একদিনেই দুম করে বহিষ্কার করা যায় না।
স্পিকার বলেন, এর আগে দলের চিঠিতে স্বাক্ষর নিয়ে সমস্যা ছিল, আমরা সেটা তদন্তের জন্য সিআইডিকে দিয়েছি। স্পিকার রথীন্দ্র বোস যখন এসব কথা বলছেন, তখন তাঁর পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং অর্জুন রাম মেঘওয়াল। অন্য পাশে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার সচিব সত্যেন্দ্রনাথ দাসও।
সব মিলিয়ে স্পিকারের মন্তব্যে ঋতব্রত বহিষ্কারকাণ্ড যে নয়া মাত্রা পেল, তা বলাই বাহুল্য।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত