তল্লাশিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে নিয়ে এলাকায় পুলিশ, ‘চোর চোর’ স্লোগানে উত্তাল মালিপাঁচঘড়া
হাওড়া, ৪ জুন (হি. স.):-গ্রেফতারের দু’দিন পর তদন্তের স্বার্থে তৃণমূল নেতা আনন্দ গুপ্ত ওরফে টিংকুকে নিয়ে তাঁর মালিপাঁচঘড়ার বাড়িতে তল্লাশি চালাতে গেল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্ত নেতাকে এলা
টিএমসি নেতা গ্রেফতার


হাওড়া, ৪ জুন (হি. স.):-গ্রেফতারের দু’দিন পর তদন্তের স্বার্থে তৃণমূল নেতা আনন্দ গুপ্ত ওরফে টিংকুকে নিয়ে তাঁর মালিপাঁচঘড়ার বাড়িতে তল্লাশি চালাতে গেল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্ত নেতাকে এলাকায় আনা হলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বহু স্থানীয় বাসিন্দা। এ সময় ‘চোর চোর’ স্লোগানও ওঠে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, প্রায় এক ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে চাননি তদন্তকারীরা।স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট পরিচালনা, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার মতো নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন টিংকু গুপ্ত। যদিও এই অভিযোগগুলির বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিন হাতকড়া পরিহিত অবস্থায় অভিযুক্ত নেতাকে এলাকায় দেখে ক্ষোভ উগরে দেন বহু মানুষ। এতদিন ভয়ে মুখ খুলতে না পারা বাসিন্দাদের একাংশ প্রকাশ্যে প্রতিবাদে সামিল হন। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande