
ঝাড়গ্রাম, ৪ জুন (হি. স.): ঝাড়গ্রাম পুরসভার বোর্ড মিটিং চলাকালীন তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলরের উপর হামলা, ডিম নিক্ষেপ এবং মারধরের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরসভা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং নিরাপত্তার মধ্যেই পুরপ্রধান ও কাউন্সিলরদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।পুরসভা সূত্রে জানা গিয়েছে, এদিন একটি গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ে ১২ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন হঠাৎই একদল বিক্ষোভকারী পুরসভা চত্বরে জড়ো হয়ে তৃণমূল কাউন্সিলর নবু গোয়ালা ও আর্য ঘোষের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। তাঁদের ‘জমি মাফিয়া’ ও ‘তোলাবাজ’ বলে কটাক্ষ করা হয় বলে অভিযোগ।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুরপ্রধান পুলিশের সাহায্য চান। এরপর এসডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযোগ, পুলিশি নিরাপত্তার মধ্যেই কাউন্সিলর নবু গোয়ালাকে মারধর করা হয় এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পুরপ্রধান শিউলি সিংহকেও লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।এছাড়াও কাউন্সিলর সোনা মল্লর মোটরবাইক ভাঙচুর ও তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপির জেলা নেতৃত্ব দাবি করেছে, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং ঘটনার সঙ্গে দলের কোনও প্রত্যক্ষ যোগ নেই।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়