নাবালিকাকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণের অভিযোগে ধৃত ২, চাঞ্চল্য দুর্গাপুর ও পান্ডবেশ্বরে
দুর্গাপুর, ৪ জুন (হি.স.) : প্রতিবেশী নাবালিকাকে ফুঁসলিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক দুটি ঘটনা ঘটেছে দুর্গাপুর ও পান্ডবেশ্বরে। ঘটনাকে ঘিরে এলাকায় তী
নাবালিকাকে ব্ল্যাকমেল করে লাগাতার ধর্ষণের অভিযোগে ধৃত ২, চাঞ্চল্য দুর্গাপুর ও পান্ডবেশ্বরে


দুর্গাপুর, ৪ জুন (হি.স.) : প্রতিবেশী নাবালিকাকে ফুঁসলিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক দুটি ঘটনা ঘটেছে দুর্গাপুর ও পান্ডবেশ্বরে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ঘটনায় ধৃতের নাম চিন্ময় পরামানিক। অন্যদিকে পান্ডবেশ্বরের ঘটনায় গ্রেফতার হয়েছে দিলীপ দিয়াশী। বৃহস্পতিবার দু’জনকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিনের আবেদন খারিজ করেন।

অভিযোগ, দুর্গাপুরের পলাশডিহা গ্রামের বাসিন্দা চিন্ময় পরামানিক প্রতিবেশী এক নাবালিকাকে বাড়িতে একা পেয়ে প্রথমে ধর্ষণ করে। পরে সেই ঘটনার ভিডিও ও ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন ধরে নির্যাতন চালায়। সম্প্রতি নির্যাতিতা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ, গত ২ জুন রাতে অভিযুক্ত এলাকায় আসতেই স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন এবং মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

অন্যদিকে, পান্ডবেশ্বরের মহাল গ্রামের বাসিন্দা তথা পেশায় মুদি ব্যবসায়ী দিলীপ দিয়াশীর বিরুদ্ধে অভিযোগ, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তিনি প্রতিবেশী এক নাবালিকাকে দোকানে একা পেয়ে ধর্ষণ করেন। সেই ঘটনার ছবি ও ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি নির্যাতিতা পরিবারের সদস্যদের সব জানালে বুধবার পান্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই দিলীপ দিয়াশীকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন।

দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতাদের বয়ান ও ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande