
মাথাভাঙ্গা, ৪ জুন (হি. স.):-কোচবিহারের মাথাভাঙ্গা এলাকায় এক তৃণমূল নেতা তথা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তোলাবাজি, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেন। তোলাবাজি এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এদিন বহু গ্রামবাসী একত্রিত হয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।অভিযোগ, বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বাড়ির একটি ঘরের খাটের তলায় লুকিয়ে পড়েন। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। দীর্ঘক্ষণ গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করার পর পুলিশের উপস্থিতিতেই ওই ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযুক্তের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়