
হরিশ্চন্দ্রপুর, ৪ জুন (হি. স.):-প্রচণ্ড দাবদাহের মধ্যেই পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়লেন মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে গ্রামের মসজিদপাড়া এলাকার মহিলারা রাস্তা অবরোধ করে জল সরবরাহ স্বাভাবিক করার দাবিতে প্রতিবাদে সামিল হন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন ধরে এলাকায় ট্যাপকলের মাধ্যমে জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে শতাধিক পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অভিযোগ, গ্রামের কিছু বাসিন্দা ট্যাপকলের সংযোগ বাড়ির বাথরুমের ট্যাংকির সঙ্গে যুক্ত করে মোটরের সাহায্যে অতিরিক্ত জল তুলে নিচ্ছেন। এর ফলে লাইনের শেষ প্রান্তে থাকা বহু পরিবার পর্যাপ্ত জল পাচ্ছেন না।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়