যোগকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক ক্রীড়া হিসেবে দেওয়া হবে নতুন পরিচিতি: মোদী
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আহমেদাবাদে আয়োজিত প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচনা করে বলেছেন, যোগ মানবজাতির জন্য ভারতের একটি শাশ্বত উপহার, যা মন, শরীর এবং আত্মাকে একাত্ম করে আরও সুস্থ ও সা
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আহমেদাবাদে আয়োজিত প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচনা করে বলেছেন, যোগ মানবজাতির জন্য ভারতের একটি শাশ্বত উপহার, যা মন, শরীর এবং আত্মাকে একাত্ম করে আরও সুস্থ ও সামঞ্জস্যপূর্ণ বিশ্ব গড়ে তুলতে অনুপ্রেরণা জোগায়।

প্রধানমন্ত্রী ভিডিও বার্তার মাধ্যমে বলেন,

আহমেদাবাদে মাটি থেকে বিশ্ব ক্রীড়া জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। তিনি এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আসা বিভিন্ন দেশের খেলোয়াড়দের ভারতে স্বাগত জানিয়ে তাঁদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আহমেদাবাদ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী (হেরিটেজ) শহর এবং এই ঐতিহাসিক নগরে এই বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজন গোটা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মোদী জানান, আর কিছুদিন পরেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে, যার মূল অনুষ্ঠানটি চলতি বছর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে।

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন যে, প্রায় এক দশক আগে ভারত রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব রেখেছিল, যা ১৯০টি দেশের সমর্থন পেয়েছিল। ভারতের উদ্দেশ্য ছিল নিজের এই প্রাচীন ঐতিহ্যকে মানবজাতির স্বাস্থ্য এবং সামূহিক কল্যাণের সঙ্গে যুক্ত করা।

মোদী বলেন, বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের মাধ্যমে যোগাসন একটি প্রতিযোগিতামূলক খেলা হিসেবে নতুন পরিচিতি পাবে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন যে, ভবিষ্যতেও যোগাসন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে নিজের স্থান করে নেবে।

তিনি বলেন, প্রতিটি বড় খেলার সঙ্গেই একটি ব্যাপক বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) গড়ে ওঠে, যা কর্মসংস্থান এবং কেরিয়ারের নতুন সুযোগ তৈরি করে। যোগাসন ক্রীড়ার বিস্তারের ফলে খেলোয়াড়দের পাশাপাশি প্রশিক্ষক, ক্রীড়া বিজ্ঞানী, গবেষক এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত পেশাদারদের জন্যও নতুন সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী জানান, এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিম বা মূল ভাবনা হল “যোগ ফর হেলদি এজিং” (সুস্থ বার্ধক্যের জন্য যোগ)। আজ মানুষ এমন সব উপায়ের সন্ধান করছেন যা তাঁদের দীর্ঘকাল ধরে সুস্থ ও সক্রিয় রাখতে পারে এবং যোগ এর একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। তিনি সকলকে “হর রোজ যোগ, ভগায়েগা সারে রোগ” (প্রতিদিন যোগব্যায়াম, দূর করবে সব রোগ) বার্তাটি আপন করে নেওয়ার আহ্বান জানান।

মোদী বলেন, এই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে আয়ুষ মন্ত্রক ‘যোগ ৩৬৫’ অভিযান শুরু করেছে। তিনি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অনুরোধ করেন, তাঁরা যেন নিজ নিজ দেশে ফিরে যোগের বার্তার দূত হয়ে ওঠেন এবং বিশ্বজুড়ে এর প্রতি সচেতনতা বৃদ্ধি করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় যিনিই বিজয়ী হোন না কেন, এই ঐতিহাসিক আয়োজনের অংশ হয়ে সমস্ত প্রতিযোগী ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। খেলোয়াড়দের প্রতিভা ও শৃঙ্খলাকে বিশ্বের যুবসমাজের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে তিনি সকল প্রতিযোগী এবং সংগঠকদের অভিনন্দন জানান এবং প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনার ঘোষণা করেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande