
দক্ষিণ দিনাজপুর, ৪ জুন (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ট্রাফিক মোড় এলাকায় বৃহস্পতিবার সকালে এক কাপড় ব্যবসায়ীর গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে মুহূর্তের মধ্যে পুরো গুদামটি পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে ছাই হয় লক্ষাধিক টাকার সম্পত্তি। এই অগ্নিকাণ্ডের জেরে পাশে অবস্থিত ব্যবসায়ী সমিতির দোতলা ভবনের একটি অংশ, ব্যবসায়ীর নিজস্ব দোতলা বাড়ি, একটি স্টেশনারি দোকান এবং একটি বিদেশি মদের দোকানেরও আংশিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথম গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, গুদাম মালিক সকালে কাজ শুরু করার পর পাশের একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। সেই সময় তিনি নিজের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে ট্রাফিক ডিউটিতে থাকা পুলিশ কর্মী এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। প্রাথমিক অনুমান, গুদামে জ্বালানো ধূপকাঠি বা মশা মারার কয়েল থেকে এই আগুন লেগে থাকতে পারে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এলাকার বিদ্যুৎ ও টেলিযোগাযোগের লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি