
আগরতলা, ৪ জুন (হি.স.) : আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে শহরের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্র ১৬ নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির সূচনা করেন তিনি। এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা ও চাহিদার বিষয়েও খোঁজখবর নেন।
বৃহস্পতিবার সকালে মেয়র ১৬ নম্বর ওয়ার্ডের একাধিক গলি ও সড়ক পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা। এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করে উন্নয়নমূলক কাজের বাস্তব চিত্র জানার চেষ্টা করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপক মজুমদার জানান, ১৬ নম্বর ওয়ার্ডে অধিকাংশ উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি গলি ও সড়কের সংস্কারের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “ভোটের আগেই ১৬ নম্বর ওয়ার্ডের বাকি সমস্ত কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। খুব শীঘ্রই এই কাজগুলিও শেষ হয়ে যাবে।”
মেয়র আরও জানান, এদিনের পরিদর্শনে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের কাছ থেকে কোনও বড় ধরনের অভিযোগ পাননি। বরং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্তোষের ভাব লক্ষ্য করেছেন বলে দাবি করেন তিনি।
আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে নগরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হয়েছে, তা যাচাই করতেই আগরতলা পুর নিগমের সব ওয়ার্ড পর্যায়ক্রমে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেয়র। আগামী দিনগুলিতে শহরের অন্যান্য ওয়ার্ডেও একই ধরনের পরিদর্শন করা হবে।
এদিকে শহরের সৌন্দর্যায়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথাও জানান মেয়র। তিনি অভিযোগ করেন, শহরের বিভিন্ন এলাকায় কিছু প্রাইভেট টিউটর ও কোচিং সেন্টারের পক্ষ থেকে সড়ক ও জনপথ দখল করে বিজ্ঞাপনী হোর্ডিং লাগানো হয়েছে, যা শুধু শহরের সৌন্দর্য নষ্ট করছে না, অনেক ক্ষেত্রে পথচারীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি করছে।
তিনি জানান, এ ধরনের বেআইনি হোর্ডিং দ্রুত অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ১৬ নম্বর ওয়ার্ড নয়, শহরজুড়েই এই অভিযান চালানো হবে। শহরকে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক করে তোলার লক্ষ্যেই পুর নিগম এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
পুর ভোটের আগে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা এবং শহর সৌন্দর্যায়নের উদ্যোগকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের এই তৎপরতা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজধানীর জনগণ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ