
আগরতলা, ৪ জুন (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলায় পৌঁছেছেন। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শুক্রবার তাঁর একাধিক সরকারি কর্মসূচি রয়েছে।
সফরকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভিআইপি রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একাধিক স্থানে পুলিশ পিকেট বসানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর যাতায়াতের রুট ও নিরাপত্তা প্রস্তুতি যাচাই করতে বুধবার বিশেষ ট্রায়াল রানও পরিচালিত হয়।
শুক্রবার অমিত শাহ ঐতিহাসিক পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে প্রস্তাবিত পুষ্পবন্ত প্যালেস হোটেল প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া তিনি লঙ্কামুড়া সীমান্ত এলাকায় গিয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামো পরিদর্শন করবেন।
পরে শালবাগানে বিএসএফ সদর দফতরে সীমান্ত ব্যবস্থাপনা, অনুপ্রবেশ ও চোরাচালান রোধ সংক্রান্ত বিষয় নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনার পাশাপাশি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ