
আরামবাগ, ৪ জুন (হি.স.) : আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে দ্বিতীয় গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে বৃহস্পতিবার হাসপাতালের পিছনের দিকে চিহ্নিত জমি পরিদর্শন করেন আরামবাগের বিধায়ক হিমন্ত বাগ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জরুরি পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করতে দীর্ঘদিন ধরেই একটি অতিরিক্ত প্রবেশ ও নির্গমন পথের প্রয়োজন অনুভূত হচ্ছিল। বিশেষ করে জরুরি রোগী পরিবহণ, অ্যাম্বুল্যান্স চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই হাসপাতালের পিছনের দিকে প্রায় ৬৪ শতক জমি চিহ্নিত করা হয়েছে। এদিন ওই জমির মাপজোকের কাজও সম্পন্ন হয়।
পরিদর্শন শেষে বিধায়ক হিমন্ত বাগ জানান, খুব শীঘ্রই দ্বিতীয় গেট নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। তাঁর কথায়, “দ্বিতীয় গেট চালু হলে হাসপাতালের জরুরি পরিষেবা আরও উন্নত হবে। রোগী ও তাঁদের পরিজনদের যাতায়াত সহজ হবে এবং অ্যাম্বুল্যান্স পরিষেবাও আরও গতিশীল হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “আরামবাগের মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছি এবং আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, দ্বিতীয় গেট নির্মিত হলে হাসপাতালের পরিষেবা ব্যবস্থাপনায় গতি আসবে এবং জরুরি পরিস্থিতিতে রোগী পরিবহণ অনেকটাই সহজ হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA