
হুগলি , ৪ জুন (হি.স.) : রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের চকজালাল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হলেন দুই ব্যক্তি। আহতদের আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা পূর্ণিমা রায় ও সজল রায়ের পরিবারের মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ, বুধবার রাতে সেই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়।পূর্ণিমা রায়ের অভিযোগ, সজল রায়ের পরিবারের সদস্যরা তাঁর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে সজল রায়ের দাবি, তাঁকেই প্রথমে আক্রমণ করা হয় এবং মারধরের শিকার হতে হয়।ঘটনায় উভয় পক্ষের একজন করে মোট দু’জন আহত হন। তাঁদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।ঘটনাকে ঘিরে রাজনৈতিক অভিযোগও সামনে এসেছে। পূর্ণিমা রায়ের দাবি, তাঁরা বিজেপি সমর্থক হওয়ায় তাঁদের উপর হামলা চালানো হয়েছে। তবে সজল রায় এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি সম্পূর্ণ স্থানীয় ও পারিবারিক বিবাদের জেরে ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA