
আগরতলা, ৪ জুন (হি.স.) : রাজধানী আগরতলায় আমতলি সেকেন্ড নাকা বাইপাস রোড এলাকায় জনৈক সাংবাদিকের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় পুলিশের জনৈক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, স্যন্দন টিভি-র সাংবাদিক সুব্রত দেবনাথ বৃহস্পতিবার আমতলি সেকেন্ড নাকা বাইপাস রোডের একটি পোষ্য প্রাণীর দোকানের সামনে অবস্থান করছিলেন। সেই সময় এডি নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিজিৎ মণ্ডল ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, কোনও ধরনের পূর্ব সতর্কতা, কারণ দর্শানো বা পরিচয় যাচাই না করেই তিনি সাংবাদিক সুব্রত দেবনাথের সঙ্গে দুর্ব্যবহার করেন।
সাংবাদিকের দাবি, প্রথমে তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি ও অপমানজনক মন্তব্য করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর উপর শারীরিকভাবে আক্রমণ করা হয়। ঘটনায় তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন বলে জানান। এ ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন অনেকেই।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের একাংশের অভিযোগ, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সংবাদকর্মীর সঙ্গে এ ধরনের আচরণ গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনও সংবাদকর্মী এ ধরনের পরিস্থিতির সম্মুখীন না হন, সে বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তবে এই ঘটনার বিষয়ে এডি নগর থানার পক্ষ থেকে বা অভিযুক্ত ওসি অভিজিৎ মণ্ডলের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ