
উদয়পুর (ত্রিপুরা), ৪ জুন (হি.স.) : সম্ভাব্য দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বৃহস্পতিবার গোমতী জেলার উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণে বিশেষ দুর্যোগ মোকাবিলা মহড়ার আয়োজন করা হয়।
এই মহড়ায় ফায়ার সার্ভিস, স্বাস্থ্য দফতর, সিভিল ডিফেন্স, আপদ মিত্রসহ বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জরুরি ও আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে সমন্বিতভাবে কাজ করতে হবে, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং ত্রাণ সামগ্রী বিতরণের বিভিন্ন দিক বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়।
মহড়ায় বিশেষভাবে যুদ্ধকালীন বা সংকটজনক পরিস্থিতিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলির করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীরা উদ্ধার অভিযান পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং জরুরি চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
উদয়পুরের মহকুমা শাসক ত্রিদীপ সরকার বলেন, বর্তমান সময়ে যেকোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকতে হয়। সেই লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। তিনি জানান, যুদ্ধকালীন বা বড় ধরনের সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসন, উদ্ধারকারী বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে সমন্বয় বজায় রেখে কীভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে, তারই বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের মহড়া সংশ্লিষ্ট সংস্থাগুলির দক্ষতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা, কর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ