
বিলোনিয়া (ত্রিপুরা), ৪ জুন (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ ও বিলোনিয়া পুর পরিষদের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে দু’দিনব্যাপী ভীষ্মদেব শিশু নাটক প্রতিযোগিতা শুরু হয়েছে। ৪ ও ৫ জুন অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় জেলার মোট ১২টি বিদ্যালয় অংশগ্রহণ করছে।
বৃহস্পতিবার চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অমর মিত্র, তথ্য ও সংস্কৃতি দফতরের সহ-অধিকর্তা মনোজ দেববর্মা, বিলোনিয়া পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, নাট্য প্রতিযোগিতার বিচারক পীযূষ রায় ও পার্থ মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বর্তমান প্রজন্মকে নাট্যচর্চার প্রতি আরও বেশি করে উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁদের মতে, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিশেষ করে নাট্যচর্চার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে দক্ষিণ জেলার প্রবীণ ও নবীন নাট্যব্যক্তিত্বদের স্মারক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এর মাধ্যমে নাট্যজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়।
প্রতিযোগিতার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি বিদ্যালয় তাদের নাটক মঞ্চস্থ করে। বাকি বিদ্যালয়গুলি আগামী ৫ জুন শচীন দেববর্মন অডিটোরিয়ামে নাটক পরিবেশন করবে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত দলগুলো পরবর্তী পর্যায়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ৫ জুন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ জেলা ভীষ্মদেব শিশু নাটক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। জেলার শিশু-কিশোরদের মধ্যে নাট্যচর্চার প্রসার এবং সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ