
হুগলি , ৪ জুন (হি.স.) : তোলাবাজি ও আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন গোঘাট-২ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন শ্রমিক সংগঠন নেতা স্বরূপ লাহা। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামারপুকুর এলাকার একটি অটো ইউনিয়নের সদস্যদের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে প্রায় ২৬ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্বরূপ লাহার বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকার অটোচালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এর আগে কামারপুকুর অটো ইউনিয়নের পক্ষ থেকে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে শতাধিক অটোচালক থানার সামনে বিক্ষোভও দেখান। তাঁদের দাবি ছিল, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
পুলিশের দাবি, অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতে তোলার সময় সাংবাদিকদের মুখোমুখি হলেও তোলাবাজির অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি স্বরূপ লাহা।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। আর্থিক লেনদেন এবং অভিযোগের সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA