
হুগলি , ৪ জুন (হি.স.) : গোঘাটের সাওরা বড়বাজার এলাকায় গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি চায়ের দোকান। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাওরা বড়বাজারের বাসিন্দা সৈয়দুল মল্লিক দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। বুধবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরেন তিনি। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন, দোকানটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় দোকানের আসবাবপত্র, চা তৈরির সরঞ্জাম, বিস্কুট-সহ অন্যান্য সামগ্রী।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরাই পরিকল্পিতভাবে তাঁর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। একমাত্র রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি।
ঘটনার পর গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সৈয়দুল মল্লিক। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে আগুন লাগল এবং এর পিছনে কোনও দুষ্কৃতীচক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রশাসনের কাছে আর্থিক সহায়তা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA