
হুগলি , ৪ জুন (হি.স.) : অবৈধ চোলাই মদের কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল গোঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার গোঘাটের মথুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কয়েকশো লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম নষ্ট করা হয়। পুলিশের এই অভিযানে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মথুরা এলাকার বিভিন্ন জায়গায় গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন অভিযান চালায় গোঘাট থানার পুলিশ। অভিযানের সময় বিভিন্ন ঝোপঝাড় ও নির্জন স্থান থেকে মদ তৈরির ভাটি, গাঁজন করা উপকরণ, ড্রাম, পাইপ-সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সেগুলি ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি কয়েকশো লিটার চোলাই মদও ধ্বংস করা হয়।
পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, চোলাই মদের অবাধ ব্যবসার ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং এলাকায় নানা ধরনের অসামাজিক কার্যকলাপও বৃদ্ধি পাচ্ছিল। পুলিশের এই অভিযানের ফলে অবৈধ মদের কারবারে বড় ধাক্কা লাগবে বলে মনে করছেন তাঁরা।
গোঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান চালানো হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA