
কলকাতা, ৪ জুন (হি.স.): রেলের সেতুর গার্ডার বদল ও পয়েন্ট রক্ষণাবেক্ষণের প্রয়োজনে শিয়ালদা উত্তর এবং দক্ষিণ শাখায় আগামী শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই কাজের জন্য উত্তর এবং মেন শাখা ছাড়াও দক্ষিণ শাখার একগুচ্ছ লোকাল ট্রেনের চলাচল প্রভাবিত হবে। শিয়ালদা উত্তর এবং মেন শাখার কাঁকুড়গাছির কাছে ৩ নম্বর রেল সেতুর গার্ডার পরিবর্তনের জন্য আপ এবং ডাউন লাইনে শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে পরের দিন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে, নারকেলডাঙা কারশেড থেকে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টে পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই কাজের জন্য শিয়ালদা থেকে উত্তর, মেন এবং ডানকুনি শাখার শতাধিক ট্রেন বাতিল থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে বালিগঞ্জ স্টেশনে পয়েন্ট মেরামতির কাজের জন্য শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ