
আরামবাগ, ৪ জুন (হি.স.) : অবৈধ ‘রাজশ্রী’ লটারি বিক্রি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পুলিশ। এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জাভেদ শাহ ও বাপন মালিক। জাভেদ শাহ ধনেখালি ব্লকের দশঘড়া-১ গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত সদস্য। দীর্ঘদিন ধরে একটি সংগঠিত অবৈধ লটারি চক্রের সঙ্গে তাঁদের যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গত ৩০ মে গোপন সূত্রে খবর পেয়ে পুরশুড়া থানার পুলিশ খুশিগঞ্জ এলাকা থেকে বুদ্ধদেব ভট্টাচার্য নামে এক লটারি বিক্রেতাকে আটক করে। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ‘রাজশ্রী’ লটারির টিকিট উদ্ধার হয়। এরপরই গোটা চক্রের সন্ধানে তদন্ত শুরু হয়।
তদন্ত চলাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পান তদন্তকারীরা। সেই সূত্র ধরে বুধবার রাতে ধনেখালি থানার গঙ্গেশপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় জাভেদ শাহ ও বাপন মালিককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের দাবি, তাঁদের কাছ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ ‘রাজশ্রী’ লটারির টিকিট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া টিকিট, আর্থিক লেনদেন এবং চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। এই অবৈধ লটারি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA