
ধর্মনগর (ত্রিপুরা), ৪ জুন (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর শহর ও ৫৬- ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মনগর পুর পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী।
এদিন বিকেলে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন সরকারি দফতরের শীর্ষ ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। পূর্ত দফতর, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দফতর, বিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ সহ অন্যানয় দফতরের প্রতিনিধিরা অংশগ্রহণ করে নিজ নিজ দফতরের প্রকল্পগুলির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বৈঠকে ধর্মনগর শহর ও আশপাশের এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা রাস্তা নির্মাণ, পানীয় জল সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বিদ্যুৎ পরিষেবার সম্প্রসারণ এবং বন্যা প্রতিরোধমূলক বিভিন্ন প্রকল্পের বর্তমান পরিস্থিতিও খতিয়ে দেখা হয়। প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করতে কী ধরনের প্রশাসনিক ও কারিগরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সে বিষয়েও আলোচনা হয়।
বিধায়ক জহর চক্রবর্তী বৈঠকে সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পগুলির কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, গুণগত মান এবং সময়ানুবর্তিতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।
বৈঠকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়ন, পানীয় জল সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ, নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা, জলনিকাশী ব্যবস্থার উন্নয়ন এবং বর্ষাকালে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়েও বিস্তৃত আলোচনা হয়। বিভিন্ন দফতরের আধিকারিকদের কাছ থেকে প্রকল্পভিত্তিক অগ্রগতির রিপোর্ট গ্রহণ করে বিদ্যমান সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, ধর্মনগরের সার্বিক পরিকাঠামোগত উন্নয়নকে আরও গতিশীল করা এবং জনসাধারণের জন্য প্রয়োজনীয় পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়িত হলে বহুদিন ধরে ঝুলে থাকা উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বিধায়কের উদ্যোগে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠককে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকার বাসিন্দারা। তাঁদের আশা, প্রশাসনের সক্রিয় তৎপরতা এবং বিভিন্ন দফতরের সমন্বিত উদ্যোগের ফলে ধর্মনগর শহর ও আশপাশের এলাকার উন্নয়নমূলক কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ