
বিলোনিয়া (ত্রিপুরা), ৪ জুন (হি.স.) : সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। সারা ভারত কৃষক সভার বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে সিপিআই(এম) বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয়ের করুনা রায় স্মৃতি কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তপন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠার ইতিহাস, কৃষক আন্দোলনের ঐতিহ্য এবং বর্তমান সময়ে কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের স্বার্থরক্ষায় সংগঠনের ভূমিকা এবং কেন্দ্র সরকারের কৃষি ও জনবিরোধী নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়েও বক্তারা গুরুত্বারোপ করেন।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, দীর্ঘ নয় দশক ধরে সারা ভারত কৃষক সভা দেশের কৃষক সমাজের অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষিপণ্যের ন্যায্য মূল্য, কৃষিঋণ মকুব, কৃষকদের সামাজিক সুরক্ষা এবং কৃষিক্ষেত্রে সরকারি বিনিয়োগ বৃদ্ধির দাবিতে সংগঠন ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, রাজ্য নেতৃত্ব বাসুদেব মজুমদার, দক্ষিণ জেলা সম্পাদক বাবুল দেবনাথ, বিলোনিয়া মহকুমা সম্পাদক নির্মল ভৌমিক, বিধায়ক দীপঙ্কর সেনসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে কৃষক সংগঠনের অতীত সংগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হয়। উপস্থিত কৃষক ও সংগঠনের কর্মীরা কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ