মালদার মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র বড়সড় পদক্ষেপ, আরও চারজন গ্রেফতার
কলকাতা, ৫ জুন (হি.স.): পশ্চিমবঙ্গর মালদা জেলার মোথাবাড়ি এলাকায় পথ অবরোধ এবং বিচার বিভাগীয় আধিকারিকদের বেআইনিভাবে আটকে রাখার ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই মামলায় যুক্ত থাকার অভিযোগে আরও চারজন অভিযুক্তকে গ্রেফতার ক
মোথাবাড়ি কাণ্ড


কলকাতা, ৫ জুন (হি.স.): পশ্চিমবঙ্গর মালদা জেলার মোথাবাড়ি এলাকায় পথ অবরোধ এবং বিচার বিভাগীয় আধিকারিকদের বেআইনিভাবে আটকে রাখার ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই মামলায় যুক্ত থাকার অভিযোগে আরও চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই নতুন গ্রেফতারির ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। শুক্রবার এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ চলাকালীন বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত চারটি পৃথক মামলার প্রেক্ষিতেই এই গ্রেফতারি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১ এপ্রিল। মালদা জেলার মোথাবাড়ি ব্লক অফিসে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলাকালীন বিক্ষোভ আচমকাই হিংসাত্মক রূপ নেয়। অভিযোগ, সেই সময় সেখানে কর্মরত বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা এবং তাঁদের সরকারি কাজে বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৎক্ষণাৎ আধিকারিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেলেও, পরে তাঁদের কনভয়ের ওপর ফের হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১২টি এফআইআর দায়ের করা হয়েছে, যার মধ্যে চারটি মামলায় ইতিপূর্বেই চার্জশিট পেশ করেছে এনআইএ। এই চারটি মামলায় মোট ৩১ জনকে অভিযুক্ত হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, তদন্ত চলাকালীন সাক্ষীদের বয়ান, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করেই এই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে পথ অবরোধ, হিংসা ছড়ানো এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এই মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই গত ২ জুন কলকাতার বিশেষ এনআইএ আদালতে এই চারটি মামলার চার্জশিট পেশ করে সংস্থাটি। বর্তমানে বাকি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে এনআইএ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande