
ঝাড়গ্রাম, ৫ জুন (হি. স.):-টেন্ডার দুর্নীতি, একশো দিনের কাজের অর্থ তছরুপ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।অভিযোগ, এলাকায় একাধিক সরকারি প্রকল্পের কাজ বাস্তবে সম্পূর্ণ না হলেও সেই কাজের নামে সরকারি অর্থ তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে এই অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। এদিন তারা গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েতের সেক্রেটারি মদন মোহন মুদিকে অফিস থেকে বাইরে বের করে এনে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।বিক্ষোভকারীদের দাবি, সরকারি প্রকল্পের অর্থ কীভাবে ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে এবং দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।ঘটনার জেরে পঞ্চায়েত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগগুলির বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়