
বালি, ৫ জুন (হি. স.):‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য বালি জুড়ে মানুষের দীর্ঘ লাইন দেখা যাওয়ায় এলাকাবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বালির বিধায়ক সঞ্জয় সিং। শুক্রবার তিনি জানিয়েছেন, এই প্রকল্পে আবেদন করার জন্য কোনও তাড়াহুড়োর প্রয়োজন নেই। আগামী তিন মাস ধরে ফর্ম পূরণের প্রক্রিয়া চলবে এবং যোগ্য সকল আবেদনকারী এই সুবিধা পাবেন।বিধায়ক জানান, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী কর্পোরেশনের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পূরণে সহায়তা করবেন। ফলে সাধারণ মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হবে না। মানুষের সুবিধার্থে আগামী সোমবার থেকে বালির বিভিন্ন এলাকায় পাঁচ থেকে ছয়টি নির্দিষ্ট কেন্দ্রে ফর্ম পূরণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও বড় বড় ক্লাবগুলিতেও বসার ও আবেদন গ্রহণের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।এই প্রকল্পের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই বেশ কয়েকজন কর্মী নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি। বিধায়ক আরও স্পষ্ট করে বলেন, যাঁদের নাম ভোটার তালিকায় নেই, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।তবে নাগরিকত্বের জন্য আবেদন করা বাংলাদেশ থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি থাকলে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিষয়টি বিবেচনা করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর এই ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়