
নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : ফ্রান্সে তিন দিনের সরকারি সফরে গিয়ে ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ. পি. সিং সে দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি অরলিন্স বিমানঘাঁটি থেকে ফরাসি এ-৪০০এম পরিবহণ বিমানে উড়ে তার সক্ষমতাও পরখ করেন তিনি। এই সফর ভারত ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফরকালে প্যারিসের বালার্ডে অবস্থিত এয়ার অ্যান্ড স্পেস ফোর্স সদর দফতরের ফরাসি বিমানবাহিনীর প্রধান জেনারেল জেরোম বেলেঞ্জারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এয়ার চিফ মার্শাল এ. পি. সিং। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়াও তিনি ফরাসি রাষ্ট্রপতির সামরিক স্টাফ প্রধান জেনারেল ভিনসেন্ট জিরোর সঙ্গে সাক্ষাৎ করেন।
ফ্রান্সের সামরিক শিক্ষা প্রতিষ্ঠান ‘একোল দ্য গ্যর’ এবং ‘একোল মিলিটেয়ার’-এ তিনি আধিকারিকদের উদ্দেশে বক্তব্য রাখেন। ওই কর্মসূচিতে বিনিময় কর্মসূচির আওতায় ফ্রান্সে প্রশিক্ষণরত ভারতীয় অফিসার ক্যাডেটরাও উপস্থিত ছিলেন। পরে তিনি মন-দ্য-মার্সাঁ এয়ার কমব্যাট সেন্টারও পরিদর্শন করেন।
ফ্রান্সে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের মাধ্যমে ভারতীয় বায়ুসেনা এবং ফরাসি এয়ার অ্যান্ড স্পেস ফোর্সের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। সফর চলাকালীন এয়ার চিফ মার্শাল অরলিন্স বিমানঘাঁটি থেকে এ-৪০০এম বিমানে উড়ে তার কার্যক্ষমতা পর্যালোচনা করেন। একইসঙ্গে তিনি ডাসো অ্যাভিয়েশন, থ্যালেস, সাফরান এবং এমবিডিএ-র মতো শীর্ষ প্রতিরক্ষা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এই আলোচনা ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে ভারত সরকার ১ জুন ফ্রান্সকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য প্রায় ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকার এক বৃহৎ সরকার-থেকে-সরকার চুক্তির লক্ষ্যে ‘লেটার অব রিকোয়েস্ট’ (এলওআর) পাঠিয়েছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ফরাসি সংস্থা ডাসো অ্যাভিয়েশন একটি ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে ভারতে ৯৪টি রাফাল যুদ্ধবিমান তৈরি করবে।
প্রতিরক্ষা সূত্রের খবর, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ফ্রান্স ভারতের এই প্রস্তাবের জবাব দিতে পারে। উভয় পক্ষের মধ্যে আলোচনা ও দরপত্র সংক্রান্ত প্রক্রিয়া আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
জুন মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের সম্ভাবনা রয়েছে। সেই সফরে ফরাসি নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাফাল চুক্তি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই ২৬টি রাফাল-মেরিন যুদ্ধবিমানের বরাত দিয়েছে। নতুন করে ১১৪টি রাফাল অন্তর্ভুক্ত হলে দেশে রাফালের সংখ্যা বেড়ে ১৭৬-এ পৌঁছাবে।
এছাড়াও ভারতীয় নৌবাহিনী সমুদ্রপথে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আরও ৩১টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ২০০-রও বেশি হয়ে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য