অসমে আট ঘণ্টায় ১.২ কোটির বেশি গাছের চারা রোপণ, মহিলাদের প্রশংসা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাত্র আট ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে ১.২ কোটির বেশি গাছের চারা রোপণ করে অসম এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্
রুদ্রাক্ষের চারা রোপণ করছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাত্র আট ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে ১.২ কোটির বেশি গাছের চারা রোপণ করে অসম এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বেশ কয়েকটি ছবি সহ এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, এই উদ্যোগে অসমের মহিলারা নেতৃত্ব দিয়েছেন। তাঁদের প্রচেষ্টায় রাজ্যের সবুজায়ন অভিযানে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অসম এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে! মাত্র ৮ ঘণ্টার কিছু বেশি সময়ে রাজ্যের মানুষ ১.২ কোটির বেশি চারা রোপণ করেছেন। অসমের উদ্যোগী নারীশক্তির নেতৃত্বে পরিচালিত এই প্রচেষ্টা আমাদের সবুজায়ন কর্মসূচিতে নতুন রেকর্ড গড়েছে।’

বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণকারী মহিলাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অসাধারণ এই কৃতিত্ব অর্জনের জন্য আমার সকল বোনদের আন্তরিক অভিনন্দন।’

এই বৃহৎ বনায়ন কর্মসূচিতে রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত লক্ষাধিক মহিলা, বিভিন্ন সরকারি দফতর, স্থানীয় সম্প্রদায় এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেছেন।

অসম সরকারের পরিবেশ সংরক্ষণ, সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।

এদিকে বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গুয়াহাটিতে তাঁর বাসভবনে একটি রুদ্রাক্ষের চারা রোপণ করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande