
জলপাইগুড়ি, ৫ জুন (হি.স.): জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে ডিউটি করার সময় বজ্রাঘাতে এক সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-র জওয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ বেরুবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। মৃত জওয়ানের নাম মহম্মদ তৈয়ব হোসেন। তিনি বিএসএফের ১৩০ নম্বর ব্যাটালিয়নের মহাদেব বর্ডার আউটপোস্টে কর্মরত ছিলেন।
জানা গেছে, অসমের বাসিন্দা মহম্মদ তৈয়ব হোসেন সীমান্তে প্রতিদিনের মতো টহল দিচ্ছিলেন। সেই সময় প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে আচমকাই বজ্রপাত হলে তিনি গুরুতর জখম হন। সঙ্গে থাকা অন্য বিএসএফ জওয়ানেরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি