
কলকাতা, ৫ জুন (হি.স.): সমগ্র বিশ্বের পাশাপাশি শুক্রবার রাজ্য জুড়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই বিশেষ দিনটির পরিপ্রেক্ষিতেই সমাজমাধ্যমে সবুজের শপথ নেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি নিজের ফেসবুক পেজে একটি বার্তার মাধ্যমে লিখেছেন, “আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে, আসুন সকলে গাছ লাগাই, প্লাস্টিক বর্জিত একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ গ্রহণ করি।”
বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে তিনি আরও লেখেন, “পরিবেশ দিবসে শপথ নেবো, স্বচ্ছ ভারত অভিযানে এক সঙ্গে কাজ করবো। প্লাস্টিক বর্জন, দূষণ নিয়ন্ত্রণ, আর গাছ লাগিয়ে প্রাণ বাঁচাবো।”
উল্লেখ্য, শুক্রবার, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হচ্ছে। এবারের পরিবেশ দিবসের মূল কেন্দ্রবিন্দু হল জলবায়ু কার্যক্রম। রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-র নেতৃত্বে এবং আজারবাইজানের বাকুতে আয়োজিত এই প্রচার অভিযানের আনুষ্ঠানিক প্রতিপাদ্য বা থিম হল— “প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য”। এই প্রচার কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে বিশেষ হ্যাশট্যাগ #NowForClimate ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত