
চেন্নাই, ৫ জুন (হি.স.): ইন্ডি জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমকে। তামিলনাড়ুতে বিজয় থলপতির টিভিকে-র সঙ্গে কংগ্রেসের জোট বাঁধা ভালো চোখে দেখছে না স্ট্যালিনের দল দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগাম। দলের মুখপাত্র টিকেএস এলানগোভান জানিয়েছেন, ইন্ডি জোটে তাঁরা আর থাকছেন না। দিল্লিতে ৮ জুন ইন্ডিয়া জোটের যে বৈঠক রয়েছে, তাতেও যোগ দেবে না ডিএমকে। কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন দলের নেতা ও তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন।
ইন্ডি জোটের বৈঠকে ডিএমকে-র যোগ না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তামিলনাড়ু কংগ্রেস সভাপতি কে সেলভাপেরুনথাগাই বলেন, “এটা তাদের মতামত। তাদের বিষয়।” কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, যাইহোক, ডিএমকে এটা করবে না কেন? কারণটা হলো, ডিএমকে এবং কংগ্রেস একসঙ্গে নির্বাচনে লড়েছিল। কিন্তু কংগ্রেস ক্ষমতার জন্য এতটাই ক্ষুধার্ত যে, তারা তামিলনাড়ুর সমস্ত নিয়মকানুন লঙ্ঘন করে সেখানে বিনা আমন্ত্রণে পৌঁছে গেছে, সবই ক্ষমতার জন্য। রাহুল গান্ধী এতটাই মরিয়া যে, ভারতে গৃহযুদ্ধ শুরু হলেও তার কিছু যায় আসে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ