
আগরতলা, ৫ জুন (হি.স.) : রাজধানী আগরতলায় বনমালীপুর এলাকায় বাড়ির ছাদ থেকে জনৈক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সুভাষ চন্দ্র মজুমদার (৬৫)। তিনি পূর্ত দফতরের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। ঘটনাটি পূর্ব আগরতলা থানাধীন বনমালীপুরের পুরনো জেলখানার পাশের জেল আশ্রম রোড এলাকায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো শুক্রবারও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিলেন সুভাষ চন্দ্র মজুমদার। দুপুরে স্ত্রী, ছেলে, পুত্রবধূ এবং নাতিকে নিয়ে একসঙ্গে মধ্যাহ্নভোজন করেন তিনি। পরিবারের সদস্যদের দাবি, খাওয়া-দাওয়ার সময় তিনি স্বাভাবিক ছিলেন এবং হাসি-ঠাট্টাতেও অংশ নেন। পরিবারের মধ্যে কোনও অশান্তি বা পারিবারিক সমস্যার পরিবেশ ছিল না বলেও তাঁরা জানিয়েছেন।
মধ্যাহ্নভোজনের পর পরিবারের সদস্যরা নিজ নিজ ঘরে বিশ্রাম নিতে যান। বিকেলের দিকে আকাশে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে ছাদে শুকোতে দেওয়া কাপড় নামিয়ে আনতে যান সুভাষ চন্দ্র মজুমদারের পুত্রবধূ। ছাদের দরজা খুলতেই তিনি সুভাষ চন্দ্র মজুমদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
পরিবারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই আকস্মিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং এলাকার বাসিন্দারাও ঘটনায় স্তম্ভিত। একজন শান্ত ও স্বাভাবিক স্বভাবের মানুষ হিসেবে পরিচিত সুভাষ চন্দ্র মজুমদারের এমন মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এই ঘটনাকে ঘিরে জেল আশ্রম রোড এবং আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ