
তারকেশ্বর, ৫ জুন (হি.স.) : আসন্ন শ্রাবণী মেলা এবং আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সরকারি কর্মসূচিকে সামনে রেখে তারকেশ্বর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। শুক্রবার হুগলির জেলাশাসকের দফতরে আয়োজিত ওই বৈঠকে নিরাপত্তা, জনপরিষেবা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরী, হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুমার সানি রাজ, বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক এবং জেলার একাধিক বিধায়ক।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর শ্রাবণী মেলায় তারকেশ্বরে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়েছে। রেল ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
একই সঙ্গে আগামী ২০ জুন প্রধানমন্ত্রীর সম্ভাব্য সরকারি কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
জেলাশাসক এবং পুলিশ সুপার বৈঠকে উপস্থিত আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় পর্যালোচনা করে মেলা চলাকালীন সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।
আসন্ন শ্রাবণী মেলা এবং গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সমস্ত দফতরকে সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, বৈঠকের পর থেকেই প্রস্তুতি আরও জোরদার করা হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA