
পুরাতন মালদা, ৫ জুন (হি. স.) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শুক্রবার বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাঁটাতারের বেড়া লাগোয়া মুচিয়া মোহনা নদীর তীরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা হয়। শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সামনে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং নদীকে কীভাবে দূষণমুক্ত ও সংরক্ষিত রাখা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি নদীর জল কীভাবে পরিশোধনের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা হয়, সেই প্রক্রিয়াও সহজ ভাষায় শিক্ষার্থীদের বোঝানো হয়।সীমান্তবর্তী এলাকার বিশেষ প্রেক্ষাপটে কাঁটাতারের বেড়ার গুরুত্ব এবং সীমান্ত নিরাপত্তা সম্পর্কেও পড়ুয়াদের অবহিত করা হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় গাছ লাগানো, নদী-নালা পরিষ্কার রাখা এবং প্লাস্টিক দূষণ রোধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।দিনটির তাৎপর্য উপলব্ধি করে ছাত্রছাত্রীরা পরিবেশ সংরক্ষণের শপথ গ্রহণ করে। বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়