কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৯ একর জমি দখলের অভিযোগে ধৃত প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ, ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
বাঁকুড়া, ৫ জুন (হি.স.) : সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৯ একর জমি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনার অভিযোগে গ্রেফতার ছাতনা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের প্রাক্তন নেতা শঙ্কর চক্রবর্তীকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দ
কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৯ একর জমি দখলের অভিযোগে ধৃত প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ, ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ


বাঁকুড়া, ৫ জুন (হি.স.) : সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৯ একর জমি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনার অভিযোগে গ্রেফতার ছাতনা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের প্রাক্তন নেতা শঙ্কর চক্রবর্তীকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত।

বৃহস্পতিবার কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ক্যাম্পাস থেকে কাঠ ও অন্যান্য সরকারি সামগ্রী ট্রাকে করে সরানোর সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বিজেপি কর্মীরা। পরে তাঁকে ছাতনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার তাঁকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ, ছাতনায় অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস ২০১৪ সালে স্থাপিত হলেও ২০১৯ সালে সেটি শুশুনিয়ায় স্থানান্তরিত করা হয়। এরপর থেকে পরিত্যক্ত ক্যাম্পাস ও সংলগ্ন সরকারি জমি দখল করে সেখানে ফলের বাগান, মাছ চাষ এবং হাঁস-মুরগির খামার গড়ে তুলে ব্যবসা শুরু করেন শঙ্কর চক্রবর্তী। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত সাত বছর ধরে তিনি ওই জমি ব্যবহার করে আসছিলেন।

এছাড়াও কৃষি মহাবিদ্যালয়ের জমি ও পরিকাঠামো দখল করে একাধিক অনৈতিক কার্যকলাপের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের ডিন দিলীপ কুমার মিশ্র জানান, জমি দখলের বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। তবে সে সময় কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে, শঙ্কর চক্রবর্তীর দাবি, বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েই তিনি নিজের কৃষি যন্ত্রপাতি সরিয়ে নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শঙ্কর চক্রবর্তী একসময় জেলার তৃণমূল কৃষক সেলের সভাপতি ছিলেন এবং ছাতনা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রভাবের জোরে দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ব্যবহার করলেও কেউ প্রতিবাদ করার সাহস পাননি বলে অভিযোগ স্থানীয়দের।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি জমি দখল, সরকারি সম্পত্তি আত্মসাৎ এবং অন্যান্য সম্ভাব্য অনিয়মের দিকও খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande