
কলকাতা, ৫ জুন (হি. স.): মেরামতি ও পুনর্বাসনের কাজের জন্য আগামী রবিবার, ৭ জুন, টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। শুক্রবার কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতু দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের মেরামতি ও সংস্কার কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং পরিবর্তন-সহ একাধিক প্রযুক্তিগত কাজ করা হবে। দীর্ঘমেয়াদে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।এই সময়ের মধ্যে হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকায় রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ), বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতুতে যানবাহনের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারের দফতর থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি সাধারণ মানুষ, পরিবহণ সংস্থা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নজরে আনার অনুরোধ জানানো হয়েছে।যাত্রী ও গাড়িচালকদের আগাম পরিকল্পনা করে যাতায়াতের পরামর্শ দিয়েছে প্রশাসন, যাতে সেতু বন্ধের কারণে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে না হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়