
ঝাড়গ্রাম, ৫ জুন (হি.স.) : ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি দেওয়া এবং জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগে ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমান পুর কাউন্সিলর নবু গোয়ালাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নবু গোয়ালাসহ মোট আট জনের বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, ভয় দেখিয়ে টাকা আদায় এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাসে এক ব্যক্তি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে অভিযোগকারীর বয়ান, জমি সংক্রান্ত নথিপত্র এবং একাধিক সাক্ষীর বক্তব্য খতিয়ে দেখা হয়। পুলিশের দাবি, তদন্তে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতেই নবু গোয়ালাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় নাম থাকা বাকি অভিযুক্তদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে এবং তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবু গোয়ালা বলেন, “যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা জানেন কেন আমাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের সত্যতা আদালতেই প্রমাণ করতে হবে। আমি আইনের উপর ভরসা রাখছি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুরসভার বোর্ড মিটিং শেষে নবু গোয়ালাসহ কয়েকজন কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়া ও মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে ওই ঘটনার সঙ্গে বর্তমান মামলার কোনও সরাসরি যোগ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
দীর্ঘদিন ঝাড়গ্রাম শহর তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা নবু গোয়ালার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গ্রেফতারিকে জেলা রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো