বন্ধ জুট মিল পুনরুজ্জীবনের লক্ষ্যে পদক্ষেপ, শ্রীরামপুরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক
হুগলি, ৫ জুন (হি.স.): শ্রীরামপুর অঞ্চলের বন্ধ হয়ে থাকা দুটি চটকল (জুট মিল) পুনরায় চালু করার লক্ষ্যে শুক্রবার শ্রীরামপুর মহকুমা শাসক (এসডিও)-এর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যমন্ত্রী ভাস্কর
ভাস্কর ভট্টাচার্য


হুগলি, ৫ জুন (হি.স.): শ্রীরামপুর অঞ্চলের বন্ধ হয়ে থাকা দুটি চটকল (জুট মিল) পুনরায় চালু করার লক্ষ্যে শুক্রবার শ্রীরামপুর মহকুমা শাসক (এসডিও)-এর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, জুট মিল কর্তৃপক্ষের প্রতিনিধিদল, মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ‘হিন্দুস্থান সমাচার’-এর মুখোমুখি হয়ে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য জানান, এটি মূলত একটি প্রশাসনিক স্তরের বৈঠক ছিল। অঞ্চলের বন্ধ থাকা দুটি চটকল কীভাবে এবং কত দ্রুত পুনরায় চালু করা যায়, সেই সম্ভাবনা ও প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, চটকল কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে মিল কর্তৃপক্ষের কাছে কিছু প্রয়োজনীয় তথ্য এবং নথিপত্র চাওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী সোমবারের মধ্যে চটকল কর্তৃপক্ষ সেই সমস্ত নথি মহকুমা প্রশাসনের কাছে জমা দেবে।

মন্ত্রী জানান, মিল কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত নথিপত্র ও তথ্যগুলি খতিয়ে দেখার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে সমস্ত পক্ষের সহযোগিতায় শ্রীরামপুরের বন্ধ জুট মিল দুটি দ্রুত চালু করা সম্ভব হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। এই চটকলগুলি পুনরায় চালু হলে একদিকে যেমন স্থানীয় অর্থনীতির গতি ফিরবে, তেমনই বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande