
কলকাতা, ৫ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুন্দরবনের পরিবেশ রক্ষায় মাতলা নদীর তীরে কয়েক হাজার ম্যানগ্রোভের চারা রোপণ করা হলো। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কৈখালি এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা ‘উৎকর্ষে আরোহন’ ও ‘বিহান’-এর যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, এ দিন নদী তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চলে মূলত বাইন, কাঁকড়া ও সুন্দরী প্রজাতির ম্যানগ্রোভের চারা লাগানো হয়েছে। আয়োজক সংস্থাগুলির বক্তব্য, সুন্দরবনের রক্ষাকবচ হলো এই ম্যানগ্রোভ অরণ্য। এটি ঘূর্ণিঝড়ের তীব্রতা ও অভিঘাত কমায়, মারাত্মক নদীভাঙন রোধ করে এবং এলাকার সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিনের এই মহতী কর্মসূচিতে বহু স্থানীয় বাসিন্দাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‘উৎকর্ষে আরোহন’ সংস্থার আহ্বায়ক অনুপম মজুমদার জানান, শুধু বৃক্ষরোপণ করেই তাঁদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না, বরং চারাগুলির দীর্ঘমেয়াদি পরিচর্যা ও সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, ‘বিহান’-এর সম্পাদক সৌমেন দাস এই প্রসঙ্গে বলেন, “সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভের সংখ্যা বৃদ্ধির কোনও বিকল্প নেই।” বৃক্ষরোপণের পাশাপাশি এ দিন স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা প্রচারের মাধ্যমেও পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত