
পূর্ব মেদিনীপুর, ৫ জুন (হি.স.): বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম হয়েছিল মেয়েই। সেই ঘটনার এবার পুলিশের জালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
নন্দীগ্রাম এলাকায় কার্যত ত্রাস শামসুল ইসলাম। নিজের বাড়িতে বোম বাঁধার সময় ঘটেছিল বিস্ফোরণ। তাতে জখম হয়েছিল শামসুলের মেয়ে। সেই ঘটনার তদন্ত চললেও অভিযুক্তকে নাগালে পাচ্ছিল না পুলিশ। অবশেষে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম হাসপাতালে। সেখানে তাঁকে দেখে ডিম ছোড়ে উত্তেজিত জনতা। ধৃতকে আদালতে তোলা হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) অজয় কুমার মিশ্র জানান, বোমা বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
এরই মধ্যে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লার খোঁজেও তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা তাঁর বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। জানা গেছে, তাঁর ছেলে ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত